প্রেম-গোপনে বিয়ে, ৫ মাসেই ভাঙল বাদশাহ-ইশার সংসার

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ও অভিনেত্রী ইশা রিখির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ডানা মেলেছিল। প্রেমের খবর যেমন তারা প্রকাশ্যে আনেননি, তেমনি বিয়ের খবরও প্রথমে ছিল অনেকটা আড়ালে। শেষ পর্যন্ত ইশার পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হলেও বাদশাহ এ নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যেই বিয়ের মাত্র পাঁচ মাস পর বিচ্ছেদের ঘোষণা এসেছে। গত ৩১ আগস্ট দুজনই জানিয়েছেন, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বন্ধুর দেওয়া পার্টিতে বাদশাহ ও ইশার প্রথম পরিচয়। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক।

দুজন বেশ কয়েক বছর প্রেম করেছেন বলে জানা যায়। তবে সম্পর্কটি তারা কখনো প্রকাশ্যে আনেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও একসঙ্গে ছবি কিংবা প্রেমের ঘোষণা দেখা যায়নি।

এরপর ২০২৩ সালে প্রথম জোরালোভাবে খবর ছড়ায়, বাদশাহ ও ইশা বিয়ে করতে যাচ্ছেন। তখন অবশ্য সেই খবর উড়িয়ে দিয়েছিলেন বাদশাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বিয়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন। ফলে বিষয়টি সেখানেই থেমে যায়।

কিন্তু তিন বছর পর সেই গুঞ্জনই যেন সত্যি হয়ে ফিরে আসে। ২০২৬ সালের মার্চে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশাহ ও ইশার বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকে পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায়।

কিন্তু বাদশাহ তখনও বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

পরে ইশা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ের মাত্র পাঁচ মাস পরই আসে সম্পর্ক ভাঙার খবর। ৩১ আগস্ট বাদশাহ ও ইশা যৌথভাবে জানান, তারা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, তাদের সম্পর্ক নিয়ে এর আগেও নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে বিচ্ছেদের ঘোষণা না আসা পর্যন্ত সেসবের কোনোটি নিশ্চিত ছিল না।

ইশা রিখি পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী। ২০১৩ সালে অভিনয়ে অভিষেক হয় তার। বলিউডের সিনেমাতেও দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ইশা।

ইশাকে বিয়ের আগে বাদশাহর আরেকটি বিয়ে হয়েছিল। ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় আট বছর সংসার করার পর ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়।

প্রথম বিয়েটিও অনেকটা ব্যক্তিগত রেখেছিলেন বাদশাহ। পরে বিভিন্ন সাক্ষাৎকারে সেই সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি।

Related Articles

Latest Posts