ঢাকার সাভারে এক অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত মো. আলতাফ হোসেন ডিএমপিতে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সাইফুল আলম বলেন, শনিবার কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন।
‘পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন’, বলেন তিনি।
ওসি আরও বলেন, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
