বেনজীর আমিরাতেই আছে, দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন।

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, বেনজীর আহমেদের মতো খুনি শুধু আপনাদের (জামায়াতের) ওপর না, আমাদেরও হাজারো নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মামলা দিয়েছে। এরা দেশের ও জাতির দুশমন। এদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’

আখতারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি বলব একটু ইনফরমেশনের ঘাটতি আছে। আপনারা বলেছেন যে বেনজীর সেন্ট লুইস চলে গেছে। আপনাদের আশ্বস্ত করতে চাই যে বেনজীর আমিরাতেই আছেন। আমরা সেখানে আমাদের অ্যাম্বাসির মাধ্যমে খোঁজ নিয়েছি। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেনজীরের কোথাও যাওয়ার বিষয়ে কিছু জানেন না। এর মানে তিনি আমিরাতেই আছেন।’

‘আমাদের অ্যাম্বাসি সতর্ক আছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে যেন তার ওপর নজর রাখা হয়। পলাতক সব সন্ত্রাসীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে,’ যোগ করেন তিনি।

আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই জানিয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, ‘এক্ষেত্রে আমরা কূটনৈতিক চাপ অব্যাহত রাখব। সেজন্য আপনাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হবে। এরা শুধু জামায়াত-বিএনপি নয়, সাধারণ নিরীহ মানুষকেও হত্যা করেছে। সুতরাং, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। সব দলের ঐক্যের সঙ্গে আগাতে হবে।’

‘প্রধানমন্ত্রী আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রী কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি যেন এই কুখ্যাত হত্যাকারীকে আমরা ফিরিয়ে আনতে পারি। শুধু সেই না, সব সন্ত্রাসীদের আমরা ফিরিয়ে আনব,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts