মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

মহাসড়কে স্লিপার বাস চালানোর আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত বাসই সড়কে চলতে পারবে।

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে স্লিপার বাস ওনার্স অ্যাসোসিয়েশনের করা একটি রিট আবেদনের শুনানিকালে আজ বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. মুরাদ-এ-মাওলার হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

বিআরটিএর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মুহাম্মদ রাফিউল ইসলাম আদালতকে বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য মেনেই স্লিপার বাসগুলোকে চলতে হবে।

তিনি বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে এবং এই শর্ত লঙ্ঘন করলে ৮৪ ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।

এই আইনজীবী সড়ক পরিবহন আইনের ২৮ ধারার কথাও উল্লেখ করেন, যেখানে রুট পারমিট ছাড়া রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

রাফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শুধুমাত্র যেসব বাসের জন্য বিআরটিএ অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলতে পারবে। স্লিপার বাসের কোনো অনুমতি নেই এবং হাইকোর্টও এমন কোনো অনুমতি দেননি।

তিনি বলেন, মহাসড়কে স্লিপার বাস চালানোর কোনো সরকারি অনুমতি নেই।

তিনি আরও বলেন, আদালতের এই আদেশের অর্থ হলো—বিআরটিএ থেকে প্রয়োজনীয় অনুমোদন না নেওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট আইনি ও কারিগরি শর্তাবলি পূরণ না করা পর্যন্ত স্লিপার বাস মহাসড়কে চলতে পারবে না।

শুনানিতে আবেদনকারীর পক্ষে থাকা আইনজীবী মাহফুজুর রহমানের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Related Articles

Latest Posts