নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুল্ল্যাতলি ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।

মৃত সাধন রঞ্জন চাকমা (৪৮) দুল্ল্যাতলি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার বাসিন্দা ভারত মোহন চাকমার ছেলে।

ওসি জানান, তার নিখোঁজের বিষয়টি শুক্রবার সকালে দুল্ল্যাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা আমাদের জানান। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাহাড়ের পাশে একটি গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গলায় একটা দাগ ছাড়া তার শরীরে আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যেতে পারে।’

এ ঘটনায় সাধন রঞ্জন চাকমার ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

Related Articles

Latest Posts