ফরিদপুরের মধুখালীতে তিন কার্টনে অজ্ঞাত একজনের চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ ও তার আনুমানিক বয়স ৩৫।
আজ শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কাঁচা সড়কের ঢাল থেকে তার মরদেহ টুকরো অবস্থায় উদ্ধার হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, তাকে অজ্ঞাত স্থানে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা ৩টি কার্টন দেখতে পান স্থানীয় পথচারীরা। সেখান থেকে দুর্গন্ধ পেয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
পরে মধুখালী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন ৩টি উদ্ধার করে ভেতরে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ দেখতে পায়।
সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।
মাসুদুজ্জামান বলেন, ‘মরদেহের টুকরোগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।’
মৃতের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
