মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

দেশের যোগ্য সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে সরাসরি প্রবেশের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) একাংশের সদস্যরা।

আজ বুধবার সরকারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা বলেছেন, নতুন ব্যবস্থার কারণে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের মূল নিয়ন্ত্রণ ২৫ এজেন্সির হাতেই থেকে যেতে পারে।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে তারা বলেন, ৩১২ সহযোগী এজেন্সিকে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) অন্তর্ভুক্ত করা হলেও, তারা যদি মূল ২৫ এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেদের লাইসেন্স ও কাজের চাহিদাপত্র (জব অর্ডার) অনুযায়ী সরাসরি কর্মী পাঠাতে না পারে, তবে এই অন্তর্ভুক্তিতে কোনো সুফল আসবে না।

স্মারকলিপিতে তারা সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ সৃষ্টি করে একটি ‘স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত’ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মোহাম্মদ ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তাদের আশঙ্কা এই নতুন ব্যবস্থার মাধ্যমে পুরোনো পদ্ধতিই আবার ফিরে আসছে।

তিনি বলেন, ‘আমরা আবার সেই একই পুরোনো সিন্ডিকেট ব্যবস্থার লক্ষণ দেখছি। মূল নিয়ন্ত্রক হবে ওই ২৫ এজেন্সি, আর বাকি ৩১২ রিক্রুটিং এজেন্সিকে শুধু আইওয়াশ হিসেবে রাখা হয়েছে।’

অভিযোগ করে তিনি বলেন, জব অর্ডার, ফ্লাইটের টিকিট ও ভিসা প্রক্রিয়ার খরচ ছাড়াও সিন্ডিকেটের সদস্যদের কর্মীপ্রতি অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত দিতে হবে। এতে একজন শ্রমিকের মোট খরচ ৭ লাখ থেকে ৮ লাখ টাকায় গিয়ে ঠেকতে পারে, যা আগের ধাপে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

যদিও অতিরিক্ত এই ৫ হাজার রিঙ্গিত দেওয়ার অভিযোগটি দ্য ডেইলি স্টার স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

স্মারকলিপিতে বলা হয়, বিগত সময়ে নিয়োগের বিভিন্ন ধাপে এফডব্লিউসিএমএসে বেশ কিছু এজেন্সি ছিল। কিন্তু সরাসরি কর্মী নিয়োগের ক্ষমতা সীমিত কয়েকটি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতে অভিবাসন খরচ অনেক বেড়ে যায় এবং বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি হয়।

তারা ৩১২টি সহযোগী এজেন্সিসহ সকল যোগ্য রিক্রুটিং এজেন্সিকে নিজেদের চাহিদাপত্রের বিপরীতে সরাসরি কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার দাবি জানান।

স্মারকলিপিতে আগের নিয়োগের ধাপগুলোর মতো যেকোনো কমিশন, অতিরিক্ত অর্থ প্রদান বা মধ্যস্বত্বভোগী ব্যবস্থা বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়া, স্বাস্থ্য পরীক্ষার ওপর একচেটিয়া আধিপত্য বন্ধ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সব যোগ্য মেডিকেল সেন্টারকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয় এতে।

বিদ্যমান ব্যবস্থার অধীনে যদি প্রতিটি যোগ্য এজেন্সি সরাসরি প্রবেশের সুযোগ না পায়, তবে সরকার পরিচালিত বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রস্তাব করেছে বায়রার এই অংশটি, যার মাধ্যমে সব যোগ্য রিক্রুটিং এজেন্সি সমান শর্তে কর্মী পাঠাতে পারবে।

তারা বলেন, ‘আমরা মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করতে চাই না। বরং আমরা চাই এটি দ্রুত, স্বচ্ছ ও স্বল্প খরচে উন্মুক্ত হোক—তবে আর কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয়।’

এর আগে, গত ২৮ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল ৩৩৮ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাবে।

ইতোমধ্যে মালয়েশিয়া ২৫টি এজেন্সিকে সরাসরি এবং ৩১২টিকে সহযোগী এজেন্সি হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশের তৈরি করা ৪২৩টি এজেন্সির তালিকা থেকে মালয়েশিয়া ২৫টিকে বেছে নিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ মালয়েশিয়াকে এমন সব এজেন্সিকে বাদ দিতে বলেছিল যেগুলো আগের নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে সুবিধা পেয়েছিল বা অনিয়মের সঙ্গে জড়িত ছিল।

তবে, আনুষ্ঠানিক নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত মালয়েশিয়া অভিবাসনে আগ্রহীদের কোনো টাকা না দিতে, স্বাস্থ্য পরীক্ষা না করাতে বা পাসপোর্ট জমা না দিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মালয়েশিয়া বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে, যার প্রথম ধাপটি বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে, যদিও কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বর্তমান নিয়োগ চুক্তিটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

স্মারকলিপিতে সই করেন ফখরুল ইসলাম, বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম, এভিয়েট ইন্টারন্যাশনালের মো. নুরুল আমিন, আকবর এন্টারপ্রাইজের আকবর হোসেন মঞ্জু, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মফিজ উদ্দিন, আল-জাজিরা ইন্টারন্যাশনালের কাজী এম এ কাসেম এবং বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।

Related Articles

Latest Posts