২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এবং চলতি মৌসুম শেষে সব ধরনের ফুটবল ছাড়ার ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল তীব্র জল্পনা-কল্পনা। তবে ৪১ বছর বয়সী এই মহাতারকার জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি এখনই হচ্ছে না। সব গুঞ্জন একপাশে সরিয়ে রেখে আসন্ন উয়েফা নেশন্স লিগের জন্য পর্তুগালের স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন নেশন্স লিগের শিরোপাধারীদের নতুন কোচ হোর্হে জেসুস। আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে পর্তুগিজরা।
গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালীনই রোনালদোর আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিয়ে ফুটবল বিশ্বে নানা চর্চা চলছিল। এটি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে— এমন কথা আগেভাগেই জানিয়ে রেখেছিলেন আল নাসরের এই ফরোয়ার্ড। এরপর গত মাসে লাইফস্টাইল ম্যাগাজিন ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হয়তো এটাই ফুটবলে আমার শেষ বছর (মৌসুম) এবং আমি এক অসাধারণ লেগ্যাসি রেখে যেতে চাই।’ এমন মন্তব্য করার পর তার বুটজোড়া তুলে রাখার আলোচনা আরও নতুন মাত্রা পায়।
তবে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর রাস্তা আপাতত বন্ধ করেছেন জেসুস। পর্তুগালের দায়িত্বে এসেই নেশন্স লিগের জন্য দলে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে। রোনালদোর সঙ্গে তার আগে থেকেই জানাশোনা রয়েছে। গত মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের কোচ ছিলেন ৭২ বছর বয়সী জেসুস।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর দখলে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি।
শিরোপা ধরে রাখার অভিযানে আগামী ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগের যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ গত বিশ্বকাপে চমক জাগিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নরওয়ে ও ডেনমার্ক।
রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেস, নুনো মেন্দেস, বার্নার্দো সিলভা ও ভিতিনিয়াদের মতো নিয়মিত তারকাদের নিয়ে স্কোয়াড সাজিয়েছেন কোচ জেসুস। গ্যালাতাসারাই ও এসি মিলানে যোগ দিয়ে সম্প্রতি কঠিন সময় পার করতে থাকা যথাক্রমে রাফায়েল লেয়াও আর গনসালো রামোসের ওপরও আস্থা রেখেছেন তিনি। এছাড়া, দলে ফেরানো হয়েছে ফাবিও সিলভা ও নুনো তাভারেসকে।
