এমপি গাজী নজরুলসহ ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার দিবাগত রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় এমপি নজরুল ওই ফ্ল্যাটেই ছিলেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য এমপি ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ‘সংসদ সদস্য হিসেবে গাজী নজরুলকে গ্রেপ্তার দেখানোর আগে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

‘তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি,’ যোগ করেন তিনি।

এর আগে, গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Related Articles

Latest Posts