সাভারে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার ভোররাত ৩টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশে পার্কিং করা বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে সাভার পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
এ বিষয়টি জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
