ওমরাহ পালন করা হলো না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ঢালুয়া এলাকার মো. নাসরুল্লাহ বদরপুরির।
গতকাল শনিবার রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।
নাসরুল্লাহ (৩৫) ওই গ্রামের মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের ছেলে।
ওমরাহ পালনের উদ্দেশ্যে তার সৌদি আরব যাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ভগ্নিপতি মো. নাসির উদ্দিন।
নাসির জানান, গতকাল ওমরাহ করতে বাংলাদেশ থেকে ৪৫ জনের হজ কাফেলায় ২ সপ্তাহের সফরে রিয়াদ হয়ে মক্কা যাচ্ছিলেন নাসরুল্লাহ। রিয়াদে ট্রানজিটের জন্য অপেক্ষারত অবস্থায় মারা যান তিনি।
নাসরুল্লাহ রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার সহকারী মোহতামিম, কোরআনের হাফেজ ও মুফতি ছিলেন বলেও জানান নাসির।
তিনি ৭, ৫ ও ২ বছর বয়সী তিন সন্তানের বাবা ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এসময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন।
এ ঘটনায় দুজন বাংলাদেশি মারা যান। নিহত আরেকজন হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ।
ওই হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাতে এএফপির প্রতিবেদন বলছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।
