রিয়াদ বিমানবন্দরে নিহত ২ বাংলাদেশির পরিচয় জানা গেল

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিচয় জানা গেছে। 

তারা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

আজ রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। 

এসময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন। এ ঘটনায় দুজন বাংলাদেশি মারা যান। 

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। সৌদি আরবে শাহেদের কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। আর নাসরুল্লাহ বদরপুরি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের সন্তান।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাতে এএফপির প্রতিবেদন বলছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হামলায় আহত চার বাংলাদেশিকে কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Related Articles

Latest Posts