বাজার থেকে ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই এলএনজি কার্গো সরবরাহ করবে।
ট্রাফিগুরাকে সরবরাহকারী হিসেবে উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব পেশ করে।
জিটুজি ভিত্তিতে এই আমদানি চুক্তি করা হবে এবং উভয়পক্ষের সম্মতিক্রমে প্রয়োজন অনুযায়ী কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যাবে।
এদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে মোট ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
১ হাজার কোটি টাকার বেশি খরচে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও কানাডা থেকে এই সার আনা হবে।
কমিটির তথ্য অনুযায়ী, মোট চালানের মধ্যে ৮২ হাজার টন থাকবে ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি ও বাকিটা এমপি সার।
চিনি সরবরাহ
সরকারের উচ্চপর্যায়ের এই কমিটি ১০ হাজার টন চিনি কেনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।
মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে মোট ১০০ কোটি টাকারও বেশি খরচে দুটি লটে এই চিনি কেনা হবে।
