গাজীপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং জানিয়েছে, ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম জানান, আজ সকাল ১০টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নেভানোর কাজে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও যোগ দেন।
প্রাথমিকভাবে কারখানাটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানানো হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। কারখানাটি টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।
ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোম্পানির কর্তৃপক্ষের সহায়তায় ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, চারতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
তিনি জানান, ওষুধ তৈরির রাসায়নিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানোর কাজে নিয়োজিত উদ্ধারকর্মীদের শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে কাজ করছেন।
এ ছাড়া, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি জানান।
