৩ শিক্ষার্থী নিখোঁজের অভিযোগ: ভিডিও পাঠিয়ে এক পরিবারের কাছে মুক্তিপণ দাবি

বান্দরবানের লামা উপজেলায় তিনদিন ধরে নিখোঁজ এক স্কুলশিক্ষার্থীর পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে লামা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর তিন স্কুলশিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে বলে থানায় অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা।

এর মধ্যে এক শিক্ষার্থীর পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়ে ওসি বলেন, ‘ভিডিওটির সত্যতা যাচাই করার চেষ্টা করছি আমরা।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিনিয়া চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভিডিওটি কোনো চাঁদাবাজ চক্র পাঠিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

তার মতে, নিখোঁজ সন্তানদের নিয়ে পরিবারের উদ্বেগ ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে এ ধরনের চক্র বড় অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করে। নিখোঁজ তিন শিক্ষার্থীকে খুঁজে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে এক শিক্ষার্থীর মা-বাবার কাছে বস্তার ভেতরে একজনের নড়াচড়ার ভিডিও পাঠানো হয় এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিখোঁজের ঘটনায় তিন শিক্ষার্থীর পরিবার প্রথমে থানায় মৌখিকভাবে অভিযোগ ও পরে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই তিন শিক্ষার্থীর মধ্যে দুজন সপ্তম শ্রেণিতে এবং একজন নবম শ্রেণিতে পড়ে।

জিডির তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর এসএসসি পরীক্ষার নিবন্ধন কার্ড সংগ্রহ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নবম শ্রেণির শিক্ষার্থী। পরে অন্য দুই শিক্ষার্থীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিন শিক্ষার্থীর সর্বশেষ অবস্থান ছিল কক্সবাজারের চকরিয়া উপজেলায়। চকরিয়া থেকে তারা বাসে করে কক্সবাজার শহর কিংবা রামুতে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Latest Posts