ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধনের আশা সংসদীয় কমিটির

২০২৭ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আশা প্রকাশ হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন।

বৈঠকে গঙ্গা চুক্তির সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ জড়িত থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা কিংবা চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এ-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

এছাড়া পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে কমিটির পরিদর্শন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি আশা প্রকাশ করে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হবে।

বৈঠকে ‘রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প’, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী-সংলগ্ন পোল্ডারগুলো পুনর্বাসন প্রকল্পের দ্বিতীয় সংশোধিত কার্যক্রম এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হলে কমিটি তা বিস্তারিত পর্যালোচনা করে।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি), প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, মো. ফরিদুল কবীর তালুকদার প্রমুখ অংশ নেন।

Related Articles

Latest Posts