আর্থিক খাত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত এবং ইতোমধ্যে তাদের উত্থাপন করা অনেকগুলো সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের অবজারভেশনে কোনো সমস্যা নেই, আমরা একমত। ইতোমধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে। আর বাকিগুলো আমরা আলোচনা করব।’
আগামী কয়েকমাস আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, ‘এটা একটা প্রক্রিয়া। আলোচনার মাধ্যমে সব সমাধান হবে বলে আমি আশা করছি। আইএমএফ-বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কার্যক্রম সঠিক পথে চলবে।’
‘এ পর্যন্ত বাংলাদেশের কার্যক্রমে তারা সন্তুষ্ট আছে,’ বলেন মন্ত্রী আমির খসরু।
তিনি আরও বলেন, ‘আমরা অংশীদারত্বের সঙ্গে কাজ করতে পারব। নতুন প্রোগ্রাম নিয়ে ভালো আলোচনা হয়েছে। এটা নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব।’
‘যে যুদ্ধাবস্থার মধ্যে আমরা এই অর্থনীতি পেয়েছি, তার মধ্যেও বাংলাদেশ যেদিকে যাচ্ছে, তারা মনে করছে বাংলাদেশ ভালো করেছে। আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য আমরা বলেছি। প্রোগ্রাম রোল আউট করেছি বলেছি। ট্যাক্স-জিডিপি নিয়ে আলোচনা হয়েছে,। সবকিছু আলোচনা হয়েছে, আলোচনা ভালো হয়েছে,’ যোগ করেন তিনি।
আইএমএফের ঋণের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে ঋণ নিয়ে আলোচনা হয়নি, প্রোগ্রাম নিয়ে হয়েছে। সেটার জন্য শর্ত থাকবে, শর্ত পূরণ করতে হবে। আবার কিছু কিছু বিষয়ে দুইপক্ষ সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। স্ট্রাটেজি অনুযায়ী আলোচনা এতদূর এসেছে।’
