চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত?

সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ব্র্যান্ড ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান বা ‘মালিক’ মেটা প্ল্যাটফর্মস। মেটার মালিকানায় থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ফ্রি ভার্সনের পাশাপাশি এবার বাজারে আসছে ‘পেইড ভার্সন’। 

গতকাল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা।

এএফপির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। 

এতকাল পর্যন্ত শুধু বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরশীল মেটা এবার রাজস্ব আয়ের এই নতুন পন্থা নিয়ে সামনে আগাতে চাচ্ছে। 

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট এ বিষয়ে ঘোষণা দেন। 

তিনি জানান, তারা বিশ্বজুড়ে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবা চালু করতে যাচ্ছেন। জানান, পরবর্তীতে ব্যবসায়ী, ক্রিয়েটর ও এআই সেবার জন্য ভিন্ন ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের।

এমন সময় এই ঘোষণা এলো, যখন মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 

ইতোমধ্যে চলতি বছরে এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠার খরচ বাবদ প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিকল্প আয়ের উৎস হিসেবে ‘প্লাস’ সেবা চালু করছে মেটা।  

প্লাস সেবা চালুর খবর প্রকাশের পর পুঁজিবাজারে মেটার শেয়ারের দাম তিন শতাংশ বেড়ে যায়। 

বিভিন্ন প্রতিবেদন মতে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে প্রতি মাসে তিন ডলার ৯৯ সেন্ট খরচ করতে হবে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯১ টাকা) এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুণতে হবে দুই ডলার ৯৯ সেন্ট (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৮ টাকা)। 

ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস বাড়তি কিছু ফিচার দেবে, যেমন আরও উন্নত ‘অ্যানালিটিকস’, স্টোরি কে কতবার দেখেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য, আরও বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার সুযোগ এবং প্রোফাইল কাস্টোমাইজ করার সুবিধা। 

হোয়াটসঅ্যাপ প্লাস পার্সোনালাইজেশনের দিকে নজর দেবে। প্রিমিয়াম স্টিকার, নিজের পছন্দসই রিংটোন ও অ্যাপ থিমের মতো সেবাগুলো পেতে প্রতি মাসে প্রায় ৩৬৮ টাকা করে খরচ বহন করতে হবে। 

তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে একই মূল্য নির্ধারণ করা হবে কী না, সেটা এখনো মেটা নিশ্চিত করেনি। 

গ্লেইট জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবাকে ‘মেটা ওয়ান’ নামের একটি একক সেবার আওতায় নিয়ে আসতে আগ্রহী। 

২০২৩ সালে মেটা ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রাইভেসি আইন মেনে চলার জন্য ইউরোপে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালু করে। 
ওই পেইড ভার্সনটি ছিল পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত। এতে ফেসবুকের ফ্রি ভার্সনের সঙ্গে আর কোনো ব্যবধান ছিল না।

Related Articles

Latest Posts