দেশবাসীকে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঈদের নামাজ আদায় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বের মুসলমানরা আজ কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করছেন। কোরবানির মূল শিক্ষা কেবল পশু জবাই নয়, বরং এটি আত্মত্যাগ, সত্যনিষ্ঠা এবং আল্লাহর নৈকট্য লাভের প্রতীক।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকের দিনে আমাদের আহ্বান থাকবে—সব বিভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, চলমান সংঘাত ও যুদ্ধ যেন মানুষের জীবনকে আরও কষ্টকর না করে।
পরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
