৪ বছর পর কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

টেনিস বিশ্বের সবচেয়ে আলোচিত প্রত্যাবর্তনগুলোর একটি অবশেষে সত্যি হতে যাচ্ছে। প্রায় চার বছর প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে থাকার পর আবারও র‌্যাকেট হাতে কোর্টে ফিরছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপাজয়ী এই মার্কিন তারকা লন্ডনের কুইন্স ক্লাবে নারী দ্বৈত বিভাগে অংশ নিয়ে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

৪৪ বছর বয়সী সেরেনা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ইউএস ওপেনে। সেই আসরের তৃতীয় রাউন্ডে বিদায়ের পর আর তাকে পেশাদার টেনিস কোর্টে দেখা যায়নি। তবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের ফেরার খবর নিশ্চিত করেন তিনি।

ভিডিওতে সাদা রঙের নাইকি পোশাকে কোর্টে দেখা যায় সেরেনাকে। সঙ্গে ছিল তার ফোনে একের পর এক বার্তা আসার দৃশ্য। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, ‘সুন্দর খবর দ্রুত ছড়িয়ে পড়ে।’

গত বছরের ডিসেম্বরে সেরেনার নাম আবারও অ্যান্টি-ডোপিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। কারণ পেশাদার ট্যুরে ফিরতে চাইলে এই কর্মসূচির অংশ হওয়া বাধ্যতামূলক। যদিও সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে বলেছিলেন, ‘ওহ মাই গড, আমি ফিরছি না। এই গুজব একেবারেই পাগলামি।’

কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে গেছে পরিস্থিতি। কুইন্স ক্লাবের নারী দ্বৈত প্রতিযোগিতায় তাকে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তরুণ কানাডিয়ান খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে জুটি বেঁধেই কোর্টে নামবেন সেরেনা।

প্রত্যাবর্তন নিয়ে নিজের উচ্ছ্বাসও লুকাননি তিনি। সেরেনা বলেন, ‘কুইন্স ক্লাব আমার নতুন অধ্যায় শুরু করার জন্য একদম উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে। ঘাসের কোর্ট আমাকে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিয়েছে। তাই খেলাধুলার অন্যতম ঐতিহ্যবাহী মঞ্চে আবার প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’

উইম্বলডনে সাতবারের একক চ্যাম্পিয়ন সেরেনার জন্য ঘাসের কোর্ট সবসময়ই বিশেষ কিছু। আর সেই কারণেই অনেকের কাছে কুইন্স ক্লাবকে তার প্রত্যাবর্তনের আদর্শ মঞ্চ বলে মনে হচ্ছে। ডব্লিউটিএ টুর্নামেন্ট পরিচালক লরা রবসনও সেরেনার ফেরাকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘সেরেনা উইলিয়ামস বিশ্বের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন। এলটিএর এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে তাকে আবার টেনিস কোর্টে দেখতে পেরে আমরা আনন্দিত। গত বছর কুইন্স ক্লাবে নারী টেনিসের ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছিল, আর এবার খেলাটির এক মহাতারকাকে আবার কোর্টে দেখা যাবে।’

২০২২ সালে টেনিস থেকে সরে দাঁড়ানোর সময়ও সেরেনা ‘অবসর’ শব্দটি ব্যবহার করতে চাননি। বরং তিনি বলেছিলেন, তিনি টেনিসের বাইরে জীবনের নতুন পথে ‘বিবর্তিত’ হচ্ছেন। তবে সময় যেন শেষ পর্যন্ত তাকে আবার টেনিসেই ফিরিয়ে আনল।

Related Articles

Latest Posts