নেত্রকোণার কেন্দুয়ায় খেলনা গাড়ি নিয়ে দুই শিশুর ঝগড়া রূপ নেয় দুই পরিবারের সংঘর্ষে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়ার ৫ বছর বয়সী ছেলে ও প্রতিবেশী সুজন মিয়ার ৩ বছর বয়সী ছেলে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। একপর্যায়ে জামালের ছেলে সুজনের ছেলের গাড়ি কেড়ে নেয়।
এরপর সুজনের স্ত্রী অজুফা আক্তার শিশুটির কাছ থেকে খেলনা গাড়িটি কেড়ে নিয়ে তাকে একটি থাপ্পর মারেন।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত জামাল মিয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা অভিযুক্ত অজুফা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওসি মেহেদী মাকসুদ বলেন, ‘শিশুদের খেলনা গাড়ি কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ঝগড়া থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’
