১৯৭১ সালের ভূমিকার জন্য ক্ষমা চাননি, এখনো সময় আছে ভাবার: জামায়াতের উদ্দেশে মির্জা ফখরুল

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা চায়নি এবং এখনো বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিরোধী দলের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা ওই পাড়ে আছেন আমাদের বন্ধুরা তারা অনেকভাবে আমাদের ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন। আমার মনে হয় এই সময় এসে এটা ঠিক না। কারণ আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার।’

‘এজন্য তাকানো দরকার যে ১৯৭১ সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকের এই সমস্যা হয় না। আপনারা সেটা করেননি,’ বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের নেতা প্রফেসর গোলাম আজম তখন বলেছিলেন, ১৯৭১ সালে আমরা ভুল করিনি। আমার মনে হয় এখনো সময় আছে। আপনারা এখনো ভেবে দেখতে পারেন।’

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদের জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না। কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন।’

‘১৯৭১ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না, বলেননি। আমি আজ পর্যন্ত শুনিনি। এটা কেউ শোনেনি। এই কথাটা আমরা এজন্য বলছি যে, আজ যদি আপনারা এটা স্বীকার করে নেন, তাহলে আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে,’ যোগ করেন তিনি।

জামায়াতের জোটসঙ্গী এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং তরুণদের দল এনসিপি খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে, তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

‘আমি আশা করব তারা তাদের রাজনীতিকে আরও পরিষ্কার করবে। এ কথা এ কারণে বলছি যে আমাদের নবীন রাজনীতিবিদরা ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা চাই তারা ভালো করুক। কিন্তু এমন কোনো স্টিগমা যেন তাদের না থাকে,’ যোগ করেন তিনি।

Related Articles

Latest Posts