৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। শুরুটা করেছিলেন আরণ্যক নাট্যদল দিয়ে। দীর্ঘ দিন তিনি মঞ্চে অভিনয় করেছেন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ শুরু করেন।
অনেকগুলো আলোচিত ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি সব বয়সী দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন।
তার অভিনীত নতুন সিনেমা ‘মাস্তুল’ মুক্তি পাচ্ছে চলতি মাসে। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান।
ফজলুর রহমান বাবু বলেন, ‘মাস্তুল জাহাজের গল্প। মাস্তুল একটি মানবিক গল্পের সিনেমা। কিছু মানুষ নদীপথে জাহাজে জাহাজে তেল দেয়, এটাই তাদের জীবিকা। পানিতে ভাসমান মানবিক জীবন তাদের। একটু অন্যরকম গল্প। আসলে গল্পটাই অন্যরকম।’
তিনি মত দেন, মাস্তুল সিনেমাটি দর্শকদের ভাবাবে। সিনেমাটি দেখার পর দর্শকরা এর প্রশংসায় মুখর হবেন বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
‘সব সিনেমা তো আর একরকম হবে না, কিছু ভিন্ন ঘরানার সিনেমাও তৈরি করা হয়। মাস্তুল সিনেমার গল্প সবাইকে ছুঁয়ে যাবে’, যোগ করেন তিনি।
মাস্তুলে অভিনয় করে কেমন লেগেছে—এ প্রশ্নের জবাবে ফজলুর রহমান বাবু বলেন, ‘অভিনয়ই আমাকে বেশি টানে, অভিনয়টাই ভালোবাসি। কাজেই এই সিনেমাতেও অভিনয় করে ভালো লেগেছে। আমি তো এ ধরনের কাজই বেশি বেশি করি। এ ধরনের কাজই করতে চাই। একদল মানুষ জীবনের প্রয়োজনে জাহাজে তেল দিয়ে বেড়ায়, জীবনযাপন করে। সেই একজন আমিও। যাদের জীবনের বেশির ভাগ সময় কাটে পানিতে ভেসে ভেসে। চরিত্রটি উপভোগ করেছি।’
মাস্তুলের শুটিং শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মাস্তুলের প্রদর্শনী হয়েছে। সেখানে প্রশংসাও লাভ করেছে এটি।
ফজলুর রহমান বাবু বলেন, ‘মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মাস্তুল দেখানো হয়েছিল। আমিও সে সময় সঙ্গে গিয়েছিলাম। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক প্রশংসা পেয়েছি। একজন শিল্পী হিসেবে সেটা ছিল একটি দারুণ অভিজ্ঞতা।’
অসুস্থতার কারণে অভিনয় থেকে আপাতত দূরে আছেন ফজলুর রহমান বাবু। তবে মাস্তুলের জন্য একটি প্রমোশনাল গান করেছেন।
তিনি বলেন, ‘অভিনয়ে ফিরব শিগগিরই। বেশি তাড়াহুড়ো নেই। শরীর আরেকটু ঠিক হোক। সবে তো বড় একটা অপারেশন করেছি। ওপরঅলার রহমতে এখন ভালো আছি।’
এদিকে, বিশ্বকাপ ফুটবলে ফজলুর রহমান বাবু ব্রাজিল দলের সমর্থক। তার স্ত্রী অবশ্য আর্জেন্টিনার সমর্থক। তিনি বলেন, ‘খেলাটা উপভোগ করি। খেলা আসলে উপভোগ করার। ছোটবেলা থেকে ফুটবল পছন্দের খেলা। ক্রিকেটও পছন্দ করি। আর সমর্থন করি ব্রাজিল।’
ফজলুর রহমান বাবু বলেন, ‘খেলায় হারজিত থাকবেই। তা না ভেবে খেলাটা উপভোগ করা দরকার। আমিও তাই করি। মনে পড়ে, আমাদের ছেলেবেলায় বিশ্বকাপ ফুটবল খেলার স্মৃতি আজও ভুলতে পারিনি। তখন বিশাল আনন্দ কাজ করত। সেই সময় থেকেই ব্রাজিলের খেলা পছন্দ করি।’
