বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত: ফিফাকে বেলজিয়াম কোচের কটাক্ষ

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করার পর ফুটবল অঙ্গনে চলছে তোলপাড়। স্বাগতিক দলকে ফিফা অতিরিক্ত সুবিধা দিচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন করছেন অনেকে। এবার এই ঘটনায় ফিফাকে সরাসরি কটাক্ষ করেছেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। 

শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন দলটির কোচ গার্সিয়া। অবধারিতভাবে সেখানে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের প্রসঙ্গ উঠলে ঠাট্টার সুরে গার্সিয়া বলেন, ‘আমার জানা ছিল না, ফিফার জন্য ৫ জুলাই আর ১ এপ্রিল (এপ্রিল ফুল’স ডে হিসেবে পশ্চিমা বিশ্বে পালিত হয়) একই দিবস’। মূলত ৫ জুলাই তারিখে ফিফা বিবৃতি দিয়ে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় দিনটিকে ০১ এপ্রিলের সাথে তুলনা করেছেন গার্সিয়া। 

এরপর অবশ্য নিজে আর কোনো মন্তব্য না করে বেলজিয়ান ফুটবল ফেডারেশনের দেয়া আনুষ্ঠানিক বিবৃতির আড়াল নিয়েছেন গার্সিয়া, ‘আমার মনে হয় বেলজিয়ান ফেডারেশনের দেয়া বিবৃতির আলোকেই আমাদের কথা বলা উচিত। বেলজিয়ান ফেডারেশন কেবল নিজেকে বা বেলজিয়াম জাতীয় দলের হয়ে কথা বলছে না, বরং তারা সামগ্রিক ফুটবলের নৈতিকতার ব্যাপারে সোচ্চার হচ্ছে’। 

ফিফা থেকে এরকম ঘোষণা আসার পর গতকালই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ফোলারিন বালোগুনকে খেলতে দেয়ার ব্যাপারে ফিফার এই সিদ্ধান্তে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বিস্মিত। এই বিশ্বকাপ এবং আসন্ন বিশ্বকাপগুলোতেও ফুটবলের মৌলিক ফেয়ারপ্লে রক্ষা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দেশের সমঅধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সেটি নিয়ে আমরা গভীরভাবে কাজ করব’। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াও। শেষ মুহূর্তে ফিফার এমন সিদ্ধান্ত বদলে বিস্ময় প্রকাশ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এমন সিদ্ধান্ত ন্যায্য কি না এবং এতে বেলজিয়ামের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কোর্তোয়া বলেন, ‘এটা শুধু আমার প্রশ্ন নয়, পুরো ফুটবল দুনিয়ার প্রশ্ন। ম্যাচের আগের দিন কীভাবে এমন সিদ্ধান্ত আসতে পারে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। তবে আমাদের মাঠে খেলেই জিততে হবে। সে ভালো খেলোয়াড়, তবে আমাদের প্রতিপক্ষ পুরো যুক্তরাষ্ট্র দল’। 

শুধু বেলজিয়াম কোচ-গোলরক্ষকই নন, ফিফার এমন আশ্চর্য সিদ্ধান্তের ব্যাপারে মুখ খুলেছেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেনও। ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় জয়ের পর নরওয়ে কোচ বলেছেন, ‘ফিফার তরফ থেকে এটা বড় একটা ভুল হলো। ভিএআর দ্বারা নিশ্চিত হওয়ার পরই তাকে লাল কার্ড দেয়া হয়েছে। সবচেয়ে বাজে বিষয় হলো, এই সিদ্ধান্তের কারণে তারা অবশ্যই কিছুটা বাড়তি সুবিধা পাবে, এবং যুক্তরাষ্ট্র যদি বেলজিয়ামকে হারিয়ে দেয়, তবে তার পেছনে এই সিদ্ধান্তেরও প্রভাব পড়তে পারে। বেলজিয়ানরাও তখন ক্ষুব্ধ হবে। পরবর্তীতে যে খেলোয়াড় লাল কার্ড দেখবে তার কী হবে? কোনো কমিটি এসে কি সেটিও প্রত্যাহার করে নেবে? এটা অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত হলো, এবং এই সিদ্ধান্ত বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে’। 

শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখা ফুটবলার পরের ম্যাচে স্কোয়াডে থাকতে পারবেন না। কিন্তু ফিফা ২৭ নম্বর ধারার বরাত দিয়ে বালোগুনের এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে, যার কারণে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে বাধা নেই এই স্ট্রাইকারের। এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর নিষিদ্ধ থাকার কথা থাকলেও একই ধারার উদাহরণ টেনে তাকে খেলতে অনুমতি দেয় ফিফা। 

Related Articles

Latest Posts