মেক্সিকোর বিপক্ষে তাদেরই মাঠে দুর্দান্ত জয়ের রেশে এখনও উত্তাল ইংলিশ ভক্ত-সমর্থকেরা। তবে এই আনন্দের মাঝে দুঃসংবাদ হয়ে এসেছে মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের আহত হওয়ার খবর। ম্যাচ শেষে সতীর্থদের সাথে উদযাপন করতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, কবজিতে ব্যথা পাওয়ায় হেন্ডারসনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। এই ইনজুরির কারণে বিশ্বকাপে তাকে আর পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইংল্যান্ড ফুটবলাররা গ্যালারির কাছে তাদের সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিলেন। এর মাঝেই মেডিকেল স্টাফদের স্ট্রেচার নিয়ে দ্রুতগতিতে সেদিকে দৌড়ে আসতে দেখা যায়। এরপর সেখানেই অক্সিজেন দেয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় হেন্ডারসনকে।
সাবেক এই লিভারপুল অধিনায়কের চোটের মাত্রা সম্পর্কে বলতে গিয়ে ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেছেন, ‘এই জয়ের পর আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, কারণ জর্ডানের ইনজুরির কারণে আমি দুঃখিত ও আবেগী হয়ে পড়েছি। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। চোটের মাত্রা বেশ গুরুতর। এরকম একটি স্মরণীয় সন্ধ্যায় সে আমাদের সাথে নেই, এটি একদমই মানানসই নয়। আমরা জয় উদযাপনের পাশাপাশি তার কথাও ভাবছি’।
মেক্সিকোর বিপক্ষে মাঠে না নেমেও বেঞ্চে থাকা অবস্থায় হলুদ কার্ড দেখেছেন এই মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে কেবল পানামার বিপক্ষে ম্যাচে ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হেন্ডারসন।
