ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া।
সম্প্রতি ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন রাশমিকা।

তিনি জানিয়েছেন, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম, এই বিষয়গুলোকে তিনি বিশেষ গুরুত্ব দেন।
নিজেকে ফিট রাখতে কী করেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেন, তিনি নিয়মিত শরীরের শক্তি বাড়ানোর ব্যায়াম করেন। পাশাপাশি এমন কিছু ব্যায়ামও করেন, যা শরীরকে আরও সক্রিয় ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।
খাবারের ক্ষেত্রেও খুব কড়াকড়ি করেন না। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি খাবারে ভারসাম্য রাখেন। এর সঙ্গে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামও তার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তার ভাষায়, ‘আমি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের জন্য সময় রাখি, ভারসাম্য বজায় রেখে স্বাস্থ্যকর খাবার খাই এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করি।’

রাশমিকার কাছে ফিটনেসের উদ্দেশ্য কেবল শরীরের গড়ন ঠিক রাখা নয়।
তিনি বলেন, ‘আমার কাছে ফিট থাকা মানে কেবল দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও ইতিবাচক মানসিকতা ধরে রাখাই আসল।’
ফ্যাশনের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দেন রাশমিকা। ক্রপড টি-শার্ট, ঢিলেঢালা কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের সঙ্গে ক্যাপ ও কম গয়না এ ধরনের পোশাকেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি।

বিশেষ করে প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যেন সহজে চলাফেরা করা যায়।
রাশমিকা বলেন, ‘আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’
তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে।
