ফেনী সদর উপজেলায় কাভার্ডভ্যানচাপায় আব্দুর রউফ (৩৪) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, উপজেলার লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে গত রাতে এই দুর্ঘটনা ঘটে।
রউফের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্তি গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ-এর ফেনীর সোনাগাজী উপজেলার কেরামতিয়া শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালন শেষে রউফ মোটরসাইকেলে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। সঙ্গে তার সহকর্মী মোহাম্মদ আক্তারুজ্জামান (৩২) ছিলেন। মহাসড়কে ওঠার পর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে রউফ ও তার সহকর্মী রাস্তায় ছিটকে পড়েন। এরপর কাভার্ডভ্যানটি রউফকে চাপা দিয়ে চলে যায়।
আক্তারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কবির বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
‘কাভার্ডভ্যান ও মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।
