গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে চোরাকারবারিদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মাদককারবারিরা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেয়।
আজ সোমবার ভোররাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে এদিন সকালে তিনি জানান, উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। সেখানে রাহুল নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘আসামিকে নিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ফেরার সময় কয়েকজন মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালায়। তারা রেললাইনের পাথর কুড়িয়ে ছুড়ে মারতে শুরু করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন।’
‘এই সুযোগে রাহুল হাতকড়াসহ পালিয়ে যায়। পরবর্তীতে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়া গেছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
মাকছুদুল আলম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
