১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এই ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র ইতোমধ্যে নিজস্ব উদ্যোগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। এবার ২৭ সদস্য রাষ্ট্রের জন্য অভিন্ন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইইউ।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া।
ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ফন ডার লায়েন বলেন, ‘১৩ বছরের কম বয়সীদের জন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম থাকবে না। আর ১৫ বছরের নিচে কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘১৩ ও ১৪ বছর বয়সী শিশুদের অভিভাবকদের তত্ত্বাবধানে এবং সীমিত ফিচারসহ মিনি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেবে ইইউ। এসব অ্যাকাউন্টের ব্যবহার দৈনিক সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।’
ফন ডার লায়েন জানান, ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে নতুন একটি শিশু আইন প্রস্তাব করা হবে। এই আইনের অধীনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে প্রমাণ করতে হবে যে তাদের সেবা নাবালকদের জন্য নিরাপদ।
এসময় তিনি টেক জায়ান্ট বা বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ইঙ্গিত করে বলেন, ‘নিয়ম কী হবে তা আমরা ঠিক করব, বিগ টেক নয়।’
