আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থকদের ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
রুমিন ফারহানার সমর্থকদের অভিযোগ, আগামী ১৮ সেপ্টেম্বর উপজেলা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর প্রস্তুতি ও সর্বশেষ অবস্থা জানতে তারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে যান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালান।
এ ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্যান্ট-শার্ট পরা একদল যুবক দৌড়ে গিয়ে কয়েকজনকে কিল-ঘুষি মারছেন। এ সময় কাছেই নীল ইউনিফর্ম পরা কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে দেখা যায়। একপর্যায়ে আনসার ও ভিডিপির সদস্যরা হস্তক্ষেপ করে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন।
হামলায় আহত আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে জোহরের নামাজের সময় উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’
এ ঘটনায় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান আহত হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাদক নিয়ে আমাদের কিছু লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।’
হামলার খবর পেয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার কয়েকজন সমর্থকের ওপর হামলা হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আগামী শুক্রবার বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ‘ভাষা সৈনিক অলি আহাদ সম্মাননা’ দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা।
ঘটনার বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংসদ সদস্য চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।’
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
