নতুন নাট্যদল হান্ট প্রোডাকশন তাদের নাট্য প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’র ১২ ও ১৩তম শো মঞ্চস্থ করতে যাচ্ছে।
আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় বনানীর যাত্রা বিরতিতে নাটকটির দুটি প্রদর্শনী হবে।
নাট্যদলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডায়না ম্যারেলিনের ভাবনা ও নির্দেশনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন আবিদ হাসান।
নাটকের গল্পে ম্যাক্স ডি রোজারিও একজন দক্ষ শেফ ও বাঙালি খ্রিস্টান। তার রেস্টুরেন্ট ‘ক্যাফে দ্য ভলতে’র উদ্বোধনী অনুষ্ঠানে কালিকোটা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন ম্যাক্স।
তবে ম্যাক্স প্রতিশোধ কিংবা ন্যায়বিচার কোনোটিই চান না। তার হৃদয় শুধু একটি ক্রুসেডের জন্য আকুল হয়ে ওঠে। দর্শককে নিজের ভেতরের ‘ভ্রাম্যমাণ আদালত’ নিয়ে ভাবতে হবে, যেখানে রক্ত ঝরানোর সিদ্ধান্তও তাদের নিজেদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটকটিতে অভিনয় করছেন মো. শাহজাদা সম্রাট চৌধুরী, সায়েম বিন মুজিব, ইয়াদ খোরশিদ ঈশান, নিয়ন আহসান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, ডায়না ম্যারেলিন, সুপ্তি দাশ চৈতি ও শুভাশিস হালদার।
আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু, রূপসজ্জায় সারাহ জাবিন অদিতি এবং ডিজিটাল আর্কাইভে রয়েছেন মনজুরুল হাসান স্বপ্নীল।
নাট্যদলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্যাফে দ্য ভলতে’ একটি রক্তাক্ত রূপকথা, যেখানে দর্শক নিজের মতো করে বেঁচে থাকার অভিজ্ঞতার মুখোমুখি হবেন।
আয়োজকদের পক্ষ থেকে নাটকটি দেখতে শিশুদের সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।
