সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। এতে বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন।
আজ শনিবার ভোরে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, নিহতরা হলেন—সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো. আসলাম হোসেন (৪০) ও দিনাজপুর সদর উপজেলার প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬)। তারা দুজনই ট্রাকটির চালক ছিলেন।
ওসি আরও জানান, ট্রাকটির চালকরা মহাসড়কের পাশে গাড়িটি থামিয়ে মেরামত করছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় ও বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক বলে জানান ওসি আমিরুল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
