সালমান শাহ-শাবনূরের যে ১০ গান আজও নব্বইয়ের প্রেম মনে করিয়ে দেয়

ঢাকাই সিনেমায় কিছু জুটি শুধু পর্দায় সফল হয়নি। তারা হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের আবেগের অংশ। সালমান শাহ-শাবনূর তেমনই এক জুটি।

১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমা দিয়ে জুটি বাঁধেন দুজন। এরপর একে একে ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’সহ ১৪টি সিনেমায় অভিনয় করেন।

নব্বইয়ের দশকের দর্শকদের কাছে এই জুটির একসঙ্গে পর্দায় আসা মানেই ছিল নতুন এক উচ্ছ্বাস। সেটা আরও গভীর করে তুলত তাদের অভিনীত সিনেমার গান।

নব্বই দশকের দর্শকদের কাছে এই জুটির গান শুধু বিনোদন নয়, ছিল ভালোবাসার অনুভূতি প্রকাশেরও মাধ্যম। এই জুটির রসায়ন ছিল চমৎকার। সালমান শাহর অভিনয়ে ছিল স্বাভাবিকতা ও আধুনিকতার ছাপ। আর শাবনূর পর্দায় ছিলেন প্রাণবন্ত।

ফলে কোনো গানে তারা যখন পর্দায় আসতেন, দর্শক পছন্দ করতেন। তাদের অভিনীত সিনেমার দৃশ্যের পাশাপাশি নব্বই দশকের সেই গানগুলো আজও অমর। এই জুটির আলোচিত সিনেমার গানগুলো নিয়ে এই আয়োজন।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমার গান ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও সুরকার আলাউদ্দিন আলী।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমার গান ‘ভালো আছি ভালো থেকো’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। গানটির গীতিকার কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। সালমান শাহ ও শাবনূরের জুটির অন্যতম আলোচিত গান এটি।

মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমার গান ‘আমার নাকেরই ফুল বলে রে’। এ গানটিও গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। গানটির গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

দিলীপ সোম পরিচালিত ‘মহামিলন’ সিনেমার গান ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। গানটির গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমার গান ‘দেখা না হলে একদিন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা ও আগুন। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির ও সুরকার আবু তাহের।

 

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার গান ‘এই দিন সেই দিন’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। আলম খানের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। নব্বইয়ের দশকের শ্রোতাদের কাছে গানটি আজও অমলিন।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমার গান ‘তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম। এ গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও সুরকার আলাউদ্দিন আলী। 

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এম এম সরকার পরিচালিত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার গান। এই গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এই গানের গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সালমান-শাবনূর জুটির অন্যতম স্মরণীয় গান এটি।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ সিনেমার গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন। গানটির গীতিকার জাকির হোসেন রাজু। সুরকার আবু তাহের।

১৯৯৫ মুক্তিপ্রাপ্ত এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘ও সাথীরে যেও না কখনো দূরে’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান।  

সালমান-শাবনূরের সিনেমার গান তাই শুধু নব্বইয়ের দশকের গান নয়—এগুলো একটি প্রজন্মের প্রেম, স্বপ্ন আর নস্টালজিয়ার সুর।

সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, গান শোনার মাধ্যম বদলেছে, কিন্তু এই জুটির গান শোনার অভিজ্ঞতা বদলায়নি।

আজ সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মেছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন এই মহানায়ক।

Related Articles

Latest Posts