মেঘনায় গোসলে নেমে ডুবে জমজ ভাইসহ ৩ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ৩ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলো—উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে তারা ডুবে যায়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে আসেকিন ও আরেফিনের এবং বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমজ দুই ভাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণিতে ও আবির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তারা চার বন্ধু ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে।’

Related Articles

Latest Posts