কাস্টমস কর্মকর্তার সরকারি ল্যাপটপ ছিনতাই, মামলার বদলে জিডি নিল পুলিশ

চট্টগ্রামের পুরাতন স্টেশন রোড এলাকায় কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, পরিচয়পত্র ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ছিনতাইয়ের শিকার মো. হাসান-উজ-জামান খান চট্টগ্রাম কাস্টম হাউসের সিস্টেম অ্যানালিস্ট।

কাস্টম হাউসের সূত্র জানায়, ছিনতাই হওয়া সরকারি ল্যাপটপে কাস্টমসের তথ্য ব্যবস্থায় প্রবেশের সুবিধা রয়েছে। এতে বিভিন্ন পাসওয়ার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যা অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচনা করা হয়।

হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোরে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম আসি। স্টেশন থেকে হেঁটে কদমতলী বাসস্ট্যান্ডের কাছে এসে সিএনজির জন্য দাঁড়িয়ে ছিলাম। এ সময় দুই থেকে তিনজন যুবক ধারালো ছুরি দেখিয়ে আমাকে জিম্মি করে। তারা ল্যাপটপ, মোবাইল, আইডি কার্ডসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়।’

‘পরে সকাল ৭টার দিকে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি,’ বলেন তিনি।

কাস্টমস সূত্রের অভিযোগ, থানায় গিয়ে ছিনতাইয়ের কথা জানালে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে জিডিতে ছিনতাইকারীদের কথা উল্লেখ করা হলে সেটি বাতিল করে ল্যাপটপ ও মোবাইল হারিয়ে গেছে উল্লেখ করে নতুন করে জিডি করা হয়।

এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা আড়াল করতেই মামলা না নিয়ে জিডি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (মিডিয়া) শরীফ মো. আলামিন দ্য ডেইলি স্টারকে বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। ল্যাপটপটি দ্রুত উদ্ধারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি সম্পত্তি হারালে জিডি নেওয়ার সুযোগ নেই। আমি ওসিকে বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে সমাধান করতে বলব।’

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে গতকাল সকালে নগরীর কোতয়ালী থানার পেছনে সতীশ বাবু লেনে দুই মুখোশধারী যুবক এক রিকশাযাত্রীকে থামিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয়রা ধাওয়া দিলে তারা ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যায়।

ওই ঘটনার পর শনিবার রাতে বাকলিয়ায় অভিযান চালিয়ে মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

Related Articles

Latest Posts