মেসির বিদায়ী ম্যাচ নিয়ে দি মারিয়ার পরিকল্পনা

আগামী ৬ অক্টোবর ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ঘরের সমর্থকদের সামনে শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় নামছেন লিওনেল মেসি। বিশ্বজয়ী এই মহাতারকার বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ বেনিন। আবেগ আর স্মৃতির কোলাহলে ভরপুর এই ঐতিহাসিক রাতের সাক্ষী হতে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকছেন তার দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী আনহেল দি মারিয়া।

ক্লাউসুরা টুর্নামেন্টে আরজেন্তিনোস জুনিয়র্সের বিরুদ্ধে রোসারিও সেন্ত্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন দি মারিয়া। ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচ শেষেই বুয়েনস আইরেসে থেকে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

দি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? গ্যালারিতে বসে দেখতে হবে। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলা রয়েছে, তাই ওই দিনটায় হয়তো সেখানেই থেকে যাব। আমার পথেই পড়ে, আমি নিশ্চিতভাবেই যাব।’

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের আবহ নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই উইঙ্গার স্বীকার করেন, অধিনায়ককে ছাড়া পথচলা সহজ হবে না আলবিসেলেস্তেদের।

‘কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে, তা-ই না? এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে তিনি যা দিয়েছেন—তারপর লিওকে ছাড়া একটা দল কল্পনা করা! যাই হোক, শেষ দিনটা আমরা সবাই উপভোগ করব,’ বলেন দি মারিয়া।

তিন ম্যাচের সিরিজে কেবল বেনিনের বিপক্ষের প্রীতি ম্যাচটিতেই মাঠ মাতাবেন মেসি। রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো দীর্ঘদিনের সতীর্থরা এই বিশেষ দিনে মাঠে তাঁর সঙ্গী হবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের বাকি সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

ঘরের মাঠেই যে ফুটবল ঈশ্বর বিদায় নিচ্ছেন, তা নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি বলেন, ‘২০২২ কাতার বিশ্বকাপে তাঁর সঙ্গে খেলা সব বিশ্বজয়ীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে পরিবার নিয়ে তারা এই অবিস্মরণীয় ক্ষণের অংশ হতে পারেন। প্রতিটি আর্জেন্টাইনের জন্য রাতটি চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আর্জেন্টাইন ফুটবলের জন্য মনুমেন্তাল স্টেডিয়ামের এই রাতটি এক পরম আবেগের ভেলায় ভাসতে যাচ্ছে। মেসি, তার পুরোনো সহযোদ্ধা এবং দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া এক সোনালী প্রজন্মকে শেষবারের মতো একই আঙিনায় দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

 

Related Articles

Latest Posts