রাঙামাটির কাপ্তাইয়ের হ্রদে টর্নেডো দেখা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কাপ্তাই হ্রদের কিল্ল্যা মুড়া এলাকায় টর্নেডো দেখা যায়।
প্রত্যক্ষদর্শী আলবি হাসান সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, আমি তখন শহীদ মিনারের পাশে মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ হ্রদের কিল্ল্যা মুড়ার আশপাশে টর্নেডো দেখতে পাই। সেসময় অনেকে টর্নেডো দেখতে ভিড় করেন। কেউ কেউ এর দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ক্য চি নু মারমা ডেইলি স্টারকে বলেন, এ ধরনের টর্নেডো হঠাৎ করেই সৃষ্টি হয়। এতে বড় কোনো সংকট থাকে না। বিশেষ করে বর্ষা মৌসুমের শুরুতে বা শেষে টর্নেডো হয়। ঘূর্ণিপাকটি যে দিকে যায়, সেদিকেই তাণ্ডব চালায়। স্থলভাগে হলে ক্ষয়ক্ষতি বেশি হয়। তবে এগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না।
