জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনে অংশ নেন তিনি।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ প্রাতরাশের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই প্রাতরাশের আয়োজন করেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে আজ।
অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছান।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অধিবেশনের উদ্বোধন করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে এ অধিবেশনে বিশ্বনেতাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দ্য সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানসহ আরও কয়েকজন বিশ্বনেতা বক্তব্য রাখবেন আজকের অধিবেশনে।
