দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে যাত্রীচাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি অন্যান্য রুটে অতিরিক্ত কোচ ও বিশেষ বাসের ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।
আজ রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুর্গাপূজায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় ছুটির সময় যাত্রীচাপ সামলাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু, প্রয়োজনীয় সংখ্যক ফেরি প্রস্তুত রাখা এবং ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক সাময়িক মেরামত করে চলাচল উপযোগী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
শেখ রবিউল আলম বলেন, দুর্গাপূজার ছুটিতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত বাড়বে। এ সময় সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘উৎসবের আনন্দ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়।’
এছাড়া প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য জনসমাগম ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
