‘কে এই লামিনে ইয়ামাল? আমি তো তাকে চিনি না।’ এক বছরের বেশি সময় আগে কথাটা বলেছিলেন গালাতাসারাইয়ের মিডফিল্ডার মারিও লেমিনা। সেদিন কোনো জবাব দেননি ইয়ামাল।
তবে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে মাঠেই নিজের পরিচয়টা নতুন করে দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা। দুই অ্যাসিস্টে এনে দিয়েছেন ৪-১ ব্যবধানের দাপুটে জয়। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে লেমিনার উদ্দেশে ছুড়ে দিয়েছেন ছোট্ট এক প্রশ্ন, ‘এখন আমাকে চিনতে পেরেছ?’
ঘটনার শুরু ২০২৫ সালের আগস্টে। সে সময় গালাতাসারাইয়ের সতীর্থ লেরয় সানের সঙ্গে ইয়ামালের তুলনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্যাবনের মিডফিল্ডার লেমিনাকে। উত্তরে তিনি বলেছিলেন, ‘কে এই লামিনে ইয়ামাল? আমি তাকে চিনি না। আমি সানেকে চিনি।’
Sane ou Yamal ? Mario Lemina : Qui est Yamal ? Je connais Sane, je ne connais pas Yamal. https://t.co/uoEUK0xKmU
— Blaugranation (@Blaugranation_) October 12, 2026
বার্সেলোনা ও গালাতাসারাইয়ের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে লেমিনার সেই মন্তব্য। ফলে ইস্তাম্বুলে দুই দলের লড়াইয়ের আগে ইয়ামালকে ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ।
মাঠে নেমে অবশ্য কথার বদলে পারফরম্যান্স দিয়েই জবাব দিয়েছেন বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী। গালাতাসারাইয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুটি গোলে সহায়তা করেছেন ইয়ামাল। দলের একাধিক গুরুত্বপূর্ণ আক্রমণেও ছিল তার সরাসরি অবদান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
এরপরই আসে আসল খোঁচা। ইনস্টাগ্রামে ম্যাচসেরার পুরস্কার হাতে নিজের একটি ছবি পোস্ট করেন ইয়ামাল। ক্যাপশনে লেখেন, ‘এখন চিনতে পেরেছ আমাকে?’ সঙ্গে জুড়ে দেন ভূতের একটি ইমোজি।
ইয়ামালের সেই পোস্টে মজা করতে ছাড়েননি বার্সেলোনার সতীর্থরাও। রাফিনিয়া মন্তব্য করেন, ‘আমার মনে হয়, এখন সে তোমাকে চেনে।’ একই সুরে ফেরমিন লোপেজ লেখেন, ‘আমার মনে হয়, সে তোমাকে চেনে।’
অ্যান্থনি গর্ডন প্রতিক্রিয়ায় লেখেন, ‘অবিশ্বাস্য।’ আর গাভি কোনো কথা না লিখে মন্তব্যের ঘরে পোস্ট করেন ইয়ামালের নাচের একটি জিআইএফ।
তবে মাঠের লড়াই আর সামাজিক যোগাযোগমাধ্যমের এই খুনসুটি শেষ পর্যন্ত নিয়েছে সৌহার্দ্যপূর্ণ মোড়। ইয়ামালের পোস্টের জবাব দিয়েছেন লেমিনাও। ইনস্টাগ্রামে নিজের সন্তানদের সঙ্গে বার্সেলোনা তারকার একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘অবশ্যই তোমাকে চিনি। আমার ছোট্ট সন্তান তো তোমার ভীষণ ভক্ত।’
শুধু তা-ই নয়, দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইয়ামালকে অভিনন্দনও জানিয়েছেন গালাতাসারাইয়ের এই মিডফিল্ডার। লিখেছেন, ‘অভিনন্দন, লামিনে ইয়ামাল।’
