‘রোনালদো হাজারতম গোল করবেন কুয়েতে’

ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের হাজারতম গোলের সাক্ষী হতে চায় কুয়েত। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আহমেদ আল-ইউসুফ আল-সাবাহর আশা, আগামী ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিতব্য সৌদি সুপার কাপেই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ মহাতারকা।

বুধবার সৌদি সুপার কাপের ড্র অনুষ্ঠানে রোনালদোকে ঘিরে নিজের এই প্রত্যাশার কথা জানান কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। তার বিশ্বাস, ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তির অপেক্ষায় থাকা আল-নাসরের অধিনায়কের হাজারতম গোলটি কুয়েতের দর্শকদের সামনে আসতে পারে।

সৌদি আরবের থামানিয়াহ চ্যানেলকে আল-ইউসুফ বলেন, ‘ইনশা আল্লাহ, রোনালদো তার হাজারতম গোল করবেন কুয়েতেই, এমনকি ১০০১তম গোলটিও করতে পারেন।’

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে উজবেকিস্তানের নেফচির বিপক্ষে আল-নাসরের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন রোনালদো। তাতে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। অর্থাৎ হাজার গোলের অনন্য মাইলফলক ছুঁতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন পর্তুগিজ কিংবদন্তির।

সৌদি আরবের প্রতি কুয়েতের সমর্থনের কথাও তুলে ধরেছেন আল-ইউসুফ, ‘পবিত্র দুই মসজিদের খাদেম ও তার বিশ্বস্ত যুবরাজের নেতৃত্বে সৌদি আরবের নেতৃত্ব এবং দেশটির জনগণের প্রতি আমরা কুয়েতিরা ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাই। সৌদি জনগণ কুয়েতের মানুষের প্রতি অনুগত, আর কুয়েতের সবাই সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি অনুগত।’

কুয়েতের মাটিতে সৌদি সুপার কাপ আয়োজনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘কুয়েতের মাটিতে সৌদি সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে, এতে আমি খুবই আনন্দিত। আমার কাছে এটি কুয়েতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অন্যতম সেরা প্রতিযোগিতা।’

টুর্নামেন্টে আল-নাসরের অংশগ্রহণ কুয়েতের ফুটবলপ্রেমীদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে। কুয়েতের ক্লাব আল-কাদসিয়ার সমর্থকেরা সৌদি ক্লাব আল-কাদসিয়াকে সমর্থন না করলেও আল-নাসরের প্রতি তাদের আলাদা টান রয়েছে বলে জানান আল-ইউসুফে। আল-কাদসিয়া ও কুয়েত ফুটবলের কিংবদন্তি বদর আল-মুতাওয়া আল-নাসরের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই এই সমর্থনের শুরু।

২০২৬-২৭ মৌসুমের সৌদি সুপার কাপের ড্রয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আল-আহলি ও আল-কাদসিয়া। দ্বিতীয় সেমিফাইনালে আল-নাসরের প্রতিপক্ষ আল-খালিজ।

চার দলের এই টুর্নামেন্ট আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বর কুয়েতের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৩ ডিসেম্বর।
 

Related Articles

Latest Posts