বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট করে’ শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে আম্পায়ারের নির্দেশ অমান্য করে সময় নষ্ট করায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের আফসার জাজাই। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের নিয়ম ভাঙায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন জাজাই। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার বিষয়টি এই ধারার আওতাভুক্ত। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

ম্যাচে দ্বাদশ খেলোয়াড় ছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা বন্ধ করতে আম্পায়াররা তাকে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও মাঠের আম্পায়ারদের অনুমতি ছাড়াই আবার মাঠে প্রবেশ করেন আফগান এই ক্রিকেটার।

নিজের অপরাধ স্বীকার করে নেন জাজাই। আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের ডেভ গিলবার্টের দেওয়া শাস্তিও মেনে নেন তিনি। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি।

আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি হিসেবে একজন খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্ট হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় তাকে। সেক্ষেত্রে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ থাকেন তিনি।

Related Articles

Latest Posts