হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় ডুবে গেছে একটি কন্টেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হামলার ঘটনায় জাহাজ দুটি ডুবে গেল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ১০ দিনে এই জলপথে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ইরান জানিয়েছে, তাদের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং গত মাসে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জবাবেই তারা এসব হামলা জোরদার করেছে।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের ছোট কন্টেইনার জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ডুবে যায়।
বুধবার সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) এক বিবৃতিতে জানায়, ‘জিএফএস প্রাইড’ জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায় এবং এক পর্যায়ে সেটি ডুবে যায়।
তবে জাহাজের ২১ জন ক্রু সদস্যকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ আহত হননি। মঙ্গলবার প্রণালীটি পাড়ি দেওয়ার সময় জাহাজটি হামলার কবলে পড়েছিল।
এদিকে, জাতিসংঘের শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের তথ্যানুযায়ী, পৃথক আরেকটি ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’ নামের পণ্যবাহী নৌযানও প্রণালির কাছে ডুবে গেছে।
গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এর কয়েক সপ্তাহ পর সেটি ডুবে গেল।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই হামলার পরপরই জাহাজটির বেশিরভাগ ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও একজন ক্রু নিহত হয়েছিলেন।
