আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের সেই জয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবার অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই শেষ বত্রিশের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের। সেই লক্ষ্য নিয়েই সোমবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। চোটের কারণে ডান প্রান্তের ডিফেন্ডার গনসালো মন্তিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় তাকে বেঞ্চে রাখা হবে। তার জায়গায় একাদশে ফিরছেন নাহুয়েল মলিনা, যাকে মূলত এই পজিশনের প্রথম পছন্দ হিসেবেই দেখা হয়।
এ ছাড়া আরও দুটি পজিশন নিয়ে কিছুটা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রথম ম্যাচের বাকি দশজনকেই ধরে রাখার সম্ভাবনাই বেশি। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেস। অস্ট্রিয়ার বিপক্ষে লাউতারো মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে থাকার সম্ভাবনা থাকলেও ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়ায় আপাতত এগিয়ে আছেন লাউতারোই।
অন্যদিকে থিয়াগো আলমাদা ও নিকোলাস গনসালেজের মধ্যে লড়াই রয়েছে বাম দিকের আক্রমণভাগে। তবে কোচ স্কালোনি আবারও আলমাদার ওপর আস্থা রাখবেন বলেই ধারণা করা হচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে নিজের সুযোগ কাজে লাগিয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন এই মিডফিল্ডার।
বাম প্রান্তের রক্ষণেও পরিবর্তন আসছে না। কাফের চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে শুরু থেকেই ঝুঁকি নিয়ে খেলাতে চাইছে না কোচিং স্টাফ। ফলে আবারও ফাকুন্দো মেদিনাকেই দেখা যাবে বাম-ব্যাকে। তবে ম্যাচের কোনো এক পর্যায়ে তাগলিয়াফিকো এবং লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামানো হতে পারে, যাতে নকআউট পর্বের আগে তারা ম্যাচের ছন্দ ফিরে পান।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
