আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে খেলার টিকিট কেটেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, এক ম্যাচ বাকি থাকতেই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গেছে। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি ঝালাইয়ের মোক্ষম সুযোগ পাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নদের লিওনেল স্কালোনি। ফলে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে অনেক পরিবর্তনের আভাস মিলেছে।
ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচে নবাগত জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু রোববার বাংলাদেশ সময় সকাল আটটায়। দুই দল এর আগে কখনোই আন্তর্জাতিক পর্যায়ে পরস্পরকে মোকাবিলা করেনি।
অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্কালোনি। এর পাশাপাশি আরও পরিবর্তন আনতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ। অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচের একাদশে থাকা কেবল একজন খেলোয়াড়ের জর্ডানের বিপক্ষে শুরু থেকে মাঠে থাকা নিশ্চিত। তিনি হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এছাড়া, লাউতারো মার্তিনেজকে প্রথম একাদশে রেখে দেওয়ার সম্ভাবনা আছে। বাকি যারা সুযোগ পাবেন, তারা মূলত বেঞ্চের ফুটবলার। অর্থাৎ নয় থেকে দশটি পরিবর্তন আনতে পারে তিনবারের বিশ্বজয়ীরা।
টিওয়াইসি আরও জানিয়েছে, লাউতারোর সঙ্গে আক্রমণভাগের চূড়ায় দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। সেক্ষেত্রে দুজন স্ট্রাইকার নিয়ে নামবে আলবিসেলেস্তেরা। যদিও এই ফরমেশন তার পছন্দ নয় বলে আগেও অনেকবার উল্লেখ করেছেন স্কালোনি। তিনি যদি নিজের কৌশলে অটল থাকেন, তাহলে আলভারেজের জায়গা হবে বেঞ্চে এবং জুলিয়ানো সিমিওনেকে দেখা যেতে পারে শুরুর একাদশে। আক্রমণভাগের আরেক অস্ত্র নিকো পাজের জায়গা একরকম পাকা।
মাঝমাঠ গঠিত হতে পারে লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো ও এক্সেকিয়েল পালাসিওসকে নিয়ে। রক্ষণভাগের কেন্দ্র থাকতে পারেন নিকোলাস ওতামেন্দি ও মার্কোস সেনেসি। লেফট ব্যাক হিসেবে নিকোলাস তাগলিয়াফিকোর খেলাও প্রায় নিশ্চিত। তবে রাইট ব্যাক হিসেবে গঞ্জালো মন্তিয়েলকে খেলানো হবে কি না সেটা নিয়ে আছে প্রশ্ন। মূলত মিডফিল্ডার হলেও এই পজিশনে জুলিয়ানোকে খেলানোর সম্ভাবনার কথাও জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়া প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ‘আগামীকাল যে ছেলেরা খেলবে, তারা খেলার যোগ্য। তারা স্কোয়াডের অংশ, আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি সেটার অংশ এবং এখন পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে, সেসবের অনেক কৃতিত্বই তাদের প্রাপ্য।’
লাউতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানো হবে কি না জানতে চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন, ‘আমি বেশ কয়েকবার এর উত্তর দিয়েছি। এক বছর আগের দেওয়া আমার উত্তরটি আপনারা কেন ব্যবহার করছেন না? লাউতারো ও হুলিয়ান একসঙ্গে খেলতে পারে। তবে আমার ছক ও অভিজ্ঞতা বলে যে, তারা খুব বেশি একসাথে খেলেনি… মূল বিষয়টি হলো ভারসাম্য। সবাইকে একসঙ্গে নিয়ে খেলাটা সহজ নয়। আমরা চাই তারা দুজনই খেলুক। তবে দলটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
