নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়লে ঘুমন্ত এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন আহত হয়েছে।
আজ রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু (১৪) স্থানীয় বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্লার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক ভুল করে খালের পাড়ের একটি সরু সড়কে উঠে যায়।
হাফিজুর মোল্লার বাড়ির সামনে পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ট্রাকে থাকা পাথর দুই বোনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয় ও মিতু আহত হয়।
আহত মিতুকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।
