বিশ্বকাপ ফাইনালের ম্যাচ শেষের বাঁশি বেজেছে মাত্র। মাঠজুড়ে যখন স্পেনের শিরোপা জয়ের উল্লাস, ঠিক তখনই নিউ জার্সির মাঠে দেখা গেল এক অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত দৃশ্য। চরম উত্তেজনার ম্যাচে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে এক ধাক্কায় মাটিতে ফেলে দিলেন আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেস। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হলো মাঠ, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
COMO PUEDEN SER TAN GUARROS pic.twitter.com/hVcLdayVCo
— (@oleemequivocao) July 19, 2026
১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসকে হারানোর পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। তবে স্প্যানিশদের এই গৌরবময় উদযাপনের পর মাঠের অনাকাঙ্ক্ষিত দৃশ্য ছিলো পীড়াদায়ক।
গোটা ম্যাচেই ছিল ফাউল আর আগ্রাসী ট্যাকেলের ছড়াছড়ি। খেলার ৯০ মিনিটে স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ১০ জনের দলে পরিণত করার পাশাপাশি লিওনেল স্কালোনির শিষ্যরা পুরো ম্যাচে মোট ছয়টি হলুদ কার্ড দেখেন।
সেই উত্তেজনার আগুনে ঘি পড়ে ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে আগেই একটি হলুদ কার্ড দেখা বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেস হঠাৎ তেড়ে যান এরিক গার্সিয়ার দিকে। কিছু বুঝে ওঠার আগেই গার্সিয়ার গলা চেপে ধরেন এবং তীব্র শক্তিতে ধাক্কা দিয়ে বার্সেলোনার এই ডিফেন্ডারকে মাটিতে ফেলে দেন।
গার্সিয়া মাটিতে আছড়ে পড়তেই দুই দলের ফুটবলার, বদলি বেঞ্চের খেলোয়াড় ও কোচিং স্টাফরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। বেশ কিছু সময় উত্তপ্ত পরিস্থিতি চলার পর সবাইকে শান্ত ও আলাদা করা সম্ভব হয়।
এই সময় খানিকটা দূরে দাঁড়িয়ে দৃশ্যটি নীরবে দেখেছেন লিওনেল মেসি। অবশ্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পরিস্থিতি শান্ত হলে স্পেনের তারকারা মেসির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ হাত মেলান। অন্যদিকে আর্জেন্টিনার ডাগআউটের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মাঠের মাঝখানে একে অপরকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে সৌজন্যতা বিনিময় করেন।
পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ স্কালোনি অবশ্য বলেন, ‘আমরা জয়ে যেমন বিনীত, পরাজয়েও আমাদের তেমনই থাকতে হবে। আমরা হার মেনে নিচ্ছি; আমরা আমাদের সবটুকু দিয়েছি। এই টুর্নামেন্টে আসার আগে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে ছেলেরা যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে, তা আমাদের দেশের মানুষের জন্য একটি দারুণ উদাহরণ।’
ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আপনি হারবেন, এবং আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে।’
