টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসঙ্গে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নালিতাবাড়ীতে একটি বেইলি সেতু ভেসে গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেল ৩টার পানি পরিস্থিতি অনুযায়ী, নালিতাবাড়ী স্টেশনে ভোগাই নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাতকুচি স্টেশনে চেল্লাখালী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
এদিকে, চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার সকালে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় নদীর ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেসে যায়। এতে কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে ঝিনাইগাতী বাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নালিতাবাড়ীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদ-নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
