আক্রমণভাগ শক্তিশালী করতে হুলিয়ান আলভারেজকেই এখনো নিজেদের প্রধান লক্ষ্য হিসেবে দেখছে বার্সেলোনা। তবে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করা যে সহজ হবে না, সেটিও বুঝতে পারছে কাতালান ক্লাবটি। তাই আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর পথ কঠিন হলে বিকল্প হিসেবে আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজকে বিবেচনায় রাখছে বার্সা।
এল দেসমারকের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী আলভারেজকে আগামী কয়েক বছরের জন্য আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার আদর্শ খেলোয়াড় হিসেবে মনে করছে বার্সেলোনা। তবে তার চুক্তির পরিস্থিতি এবং অ্যাতলেতিকোর আর্থিক দাবি মিলিয়ে সম্ভাব্য ট্রান্সফারটি বেশ জটিল হয়ে উঠতে পারে। সে কারণেই ২৮ বছর বয়সী লাউতারোকে বিকল্প হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন বার্সার ক্রীড়া পরিচালক ডেকো ও কোচ হ্যান্সি ফ্লিক।
অবশ্য বার্সেলোনার কাছে নতুন কোনো নাম নন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। অতীতেও কাতালান ক্লাবটির নজরে ছিলেন লাউতারো। বিভিন্ন সময়ে বার্সার সম্ভাব্য ট্রান্সফার পরিকল্পনায় তার নাম উঠে এসেছে।
বার্সার বর্তমান চাহিদার সঙ্গেও লাউতারোর খেলার ধরন বেশ মানানসই। শুধু গোল করাই নয়, আক্রমণভাগে সতীর্থদের সঙ্গে সমন্বয় করে খেলা, বিল্ডআপে অংশ নেওয়া এবং বক্সের ভেতরে নিয়মিত গোলের হুমকি তৈরি করার সক্ষমতা রয়েছে তার। ফলে ফ্লিকের আক্রমণাত্মক কৌশলেও তিনি কার্যকর হতে পারেন বলে মনে করছে বার্সা।
তবে লাউতারোকে বিকল্প হিসেবে বিবেচনা করলেও এখনো তার প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বার্সেলোনা। রামোন ফুয়েন্তেসের তথ্য অনুযায়ী, আলভারেজকে পাওয়ার চেষ্টা ব্যর্থ হলে লাউতারোকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের শিবিরের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
লাউতারোকে পাওয়ার ক্ষেত্রে আরেকটি বড় বাধা তার বর্তমান চুক্তি। ২০২৪ সালে ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে তার বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা ইঙ্গিত দেয় ক্লাবটি তাকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে।
