সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে এগিয়ে গেলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কো চলে যান আসাদ। এরপর দেশটির অন্তর্বর্তী সরকার সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু করে।
দেশটির অন্তর্বর্তী সরকারের আমলে আসাদের বিরুদ্ধে দেওয়া এই রায়ই সাবেক শাসকগোষ্ঠীর কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ডের রায়।
আদালত একই সঙ্গে আসাদ সরকারের সাবেক কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান থাকাকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। দারা ছিল সিরিয়ায় ২০১১ সালের গণঅভ্যুত্থানের সূতিকাগার।
আসাদের চাচাতো ভাই নাজিবকে গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, আতিফ নাজিব ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা ও নির্যাতনের ফলে মৃত্যুর মতো অপরাধে জড়িত ছিলেন। এসব অপরাধকে আদালত মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
